ধরুন, আপনার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছে। সবাই মনোযোগ দিয়ে বসে আছে। হঠাৎ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে শুরু করলেন আমাদের এখন নতুনভাবে চিন্তা করতে হবে সমন্বয় বাড়াতে হবে এবং প্রবৃদ্ধির নতুন দিগন্তে পৌঁছাতে হবে। শুনতে বেশ জোরালো ও আধুনিক মনে হলেও একটু গভীরে ভাবলে প্রশ্ন জাগে এসব কথার ভেতরে আসলে নির্দিষ্ট কোনো দিকনির্দেশনা আছে কি?
বর্তমান করপোরেট সংস্কৃতিতে জটিল ও ভারী শব্দ ব্যবহার যেন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে। অনেক কর্মী এসব শব্দকে বুদ্ধিমত্তা বা আধুনিকতার প্রতীক হিসেবে দেখেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র। দেখা গেছে যারা এই ধরনের চটকদার কিন্তু অস্পষ্ট ভাষায় বেশি প্রভাবিত হন তাঁদের বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলনামূলকভাবে কম হতে পারে।
অর্থহীন শব্দের আকর্ষণ
এই ধরনের ভাষাকে অনেক সময় করপোরেট বুলি বলা হয় যেখানে শব্দগুলো শুনতে আকর্ষণীয় হলেও সেগুলোর স্পষ্ট কোনো অর্থ থাকে না। গবেষণায় দেখা গেছে যারা এই ধরনের কথায় সহজে মুগ্ধ হন তারা প্রায়ই আসল তথ্য ও ফাঁপা বক্তব্যের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হন।
গবেষণার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের সামনে কিছু জটিল কিন্তু অর্থহীন বাক্য এবং বাস্তব করপোরেট বক্তব্য একসঙ্গে উপস্থাপন করা হয়। ফলাফল ছিল চমকপ্রদ যারা অর্থহীন কথাগুলোকে বেশি গ্রহণযোগ্য মনে করেছেন তাঁদের বিশ্লেষণী দক্ষতা তুলনামূলকভাবে কম পাওয়া গেছে।
নেতৃত্বে এর প্রভাব
এই প্রবণতা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয় এটি একটি প্রতিষ্ঠানের নেতৃত্বের মানকেও প্রভাবিত করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যারা চমৎকারভাবে কথা বলতে পারেন, তাদেরই বেশি যোগ্য মনে করা হয় যদিও বাস্তবে তারা সংকটময় পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত নিতে হিমশিম খান।
ফলে প্রতিষ্ঠানে এমন এক নেতৃত্ব তৈরি হয় যারা কথায় দক্ষ কিন্তু কাজে দুর্বল। দীর্ঘমেয়াদে এটি প্রতিষ্ঠানকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে।
সাময়িক অনুপ্রেরণা বনাম বাস্তব ফলাফল
তবে এই ধরনের ভাষার একটি ইতিবাচক দিকও আছে। চটকদার শব্দ ও আকর্ষণীয় স্লোগান কর্মীদের সাময়িকভাবে উৎসাহিত করতে পারে। অনেকেই এতে অনুপ্রাণিত হয়ে কাজের প্রতি আগ্রহ বাড়ান। কিন্তু সমস্যা হলো এই অনুপ্রেরণা বেশিরভাগ সময়ই অস্থায়ী এবং বাস্তব ফলাফলে তেমন প্রভাব ফেলে না।
শিক্ষিতরাও মুক্ত নন
আশ্চর্যের বিষয় হলো, উচ্চশিক্ষিত ব্যক্তিরাও এই প্রবণতা থেকে মুক্ত নন। গবেষণায় দেখা গেছে, উচ্চ ডিগ্রিধারীরাও অনেক সময় এই ধরনের ভাষার ফাঁদে পড়ে যান। অর্থাৎ এটি কেবল জ্ঞান বা শিক্ষার সীমাবদ্ধতার বিষয় নয় বরং মানসিক প্রবণতা ও পরিস্থিতির ওপরও নির্ভর করে।
কী হওয়া উচিত?
একজন প্রকৃত দক্ষ পেশাজীবী বা নেতার পরিচয় তার ব্যবহৃত শব্দের জটিলতায় নয়, বরং তার চিন্তার স্বচ্ছতা এবং সিদ্ধান্তের কার্যকারিতায়। সহজ স্পষ্ট এবং বাস্তবভিত্তিক যোগাযোগই একটি সফল প্রতিষ্ঠানের মূল ভিত্তি হতে পারে।
তাই পরবর্তীবার কোনো মিটিংয়ে বড় বড় শব্দ শুনলে মুগ্ধ হওয়ার আগে একটু থেমে ভাবুন এসব কথার মধ্যে সত্যিই কোনো কার্যকর দিকনির্দেশনা আছে নাকি সেগুলো কেবল শোনার জন্যই সুন্দর?



























আপনার মন্তব্য প্রদান করুন...